বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপের ‘আনলিমিটেড ব্যাকআপ’ সুবিধা

১৫ নভেম্বর, ২০২৩ ২১:৩৯  

হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ও মিডিয়া গুগল ক্লাউড স্টোরেজে ব্যাকআপ রাখা যায়। ২০১৮ সাল থেকে গুগল ড্রাইভে এই সেবাটি দিয়ে আসছে গুগল ও হোয়াটসঅ্যাপ। এজন্য গুগল অ্যাকাউন্টের স্টোরেজ দখল করে না হোয়াটসঅ্যাপ। তবে আগামী মাসে এই সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। এখন ব্যাকআপ করা ডেটা গুগল অ্যাকাউন্টের জায়গা দখল করবে।

গুগল বর্তমানে প্রতিটি অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয়। এই স্টোরেজ ইমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজসহ গুগলের সব পণ্যের জন্য ব্যবহার করা হয়। হোয়াটসঅ্যাপের ডেটা যদি এই স্টোরেজ কেটে নেয় তাহলে অন্যান্য মিডিয়া রাখার জন্য গুগল ড্রাইভের জায়গা কমে যাবে। আর গুগলের সাবস্ক্রিপশন কেনার প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে।

অ্যান্ড্রয়েড সাপোর্ট পেজে এই পরিবর্তনের ঘোষণা দেয় গুগল। গুগল অ্যাকাউন্টে যতক্ষণ জায়গা খালি থাকবে ততক্ষণ হোয়াটসঅ্যাপের ডেটা ড্রাইভে  ব্যাকআপ হবে। স্টোরেজ শেষ হয়ে গেলে এই ব্যাকআপ বন্ধ হয়ে যাবে। অপ্রয়োজনীয় ফাইল ফেলে দিয়ে গুগল অ্যাকাউন্টের স্টোরেজ খালি করা যাবে।

হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আগামী মাস থেকে এই পরিবর্তন দেখতে পারবে। সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ডিভাইসে ২০২৪ সাল থেকে ধীরে ধীরে এই পরিবর্তন আনা হবে।

যদিও, হোয়াটসঅ্যাপের চ্যাট ও মিডিয়া ইতিমধ্যেই অ্যাপলের ক্লাউড স্টোরেজের জায়গা দখল করে ৷ আইওএসে মাত্র ৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ পাওয়া যায়।

ডিবিটেক/বিএমটি